রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুবিধ কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকায় একটি আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের দীনি শিক্ষার নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের খুতবার সারসংক্ষেপ লিখিত আকারে মুসুল্লীদের মাঝে বিতরণ, প্রাজ্ঞ উলামায়ে কিরামের সাক্ষাৎ ও সান্নিধ্যলাভের সুযোগ, নারী ও শিশুদের জন্য বিশেষ কর্নার, দুস্থ রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পারিবারিক ও ব্যক্তিগত কলহ নিরসনকল্পে আলেমদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা ও গ্রাম থেকে বিভিন্ন সাময়িক প্রয়োজনে ঢাকায় আগত ব্যক্তিদের জন্য মুসাফিরখানাসহ বিভিন্ন কার্যক্রম থাকবে ইন-শা-আল্লাহ।
এছাড়াও মসজিদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত যাবতীয় কল্যাণমূলক কাজের প্রধান কার্যালয় থাকবে ইন-শা-আল্লাহ। যেখান থেকে ফাউন্ডেশনের দেশব্যআপী পরিচালিত মসজিদ, মাদরাসা ও বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে।
যা থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ও ইসলামিক সেন্টারে :
কমপ্লেক্স পরিচালনাধীন প্রতিষ্ঠান ও বিভাগসমূহ
( কমপ্লেক্সে যেগুলোর শুধু কার্যালয় থাকবে। )
০১. ইসলামিক স্কুল ও কলেজ
০২. বেসিক ইসলাম ও কারিগরি শিক্ষাকেন্দ্র
তরুণ ও যুবকদেরকে ইসলাম-অনুরাগী ও দীনের মৌলিক জ্ঞান-সম্পন্ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বাবলম্বী করে তোলা এই বিভাগের উদ্দেশ্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নারী ও পুরুষকে (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ দান করে থাকে। একই সময়ে তাঁরা যাতে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, এজন্য তাঁদেরকে প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলামের মৌলিক বিধান শিক্ষাদান করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্সে এটিকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে।
০৩. ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা বিভাগ
০৪. ত্রাণ ও সমাজকল্যাণ পরিচালনা বিভাগ
মানবসেবা আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। ফাউন্ডেশন দীনদার দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় আর্তমানবতার সেবায় নিয়মিত কাজ করে চলেছে। সারা বছর যাতে দুস্থ ও অসহায়দের কল্যাণার্থে এই কার্যক্রম পরিচালনা করা যায়, ত্রাণ ও সমাজকল্যাণ পরিচালনা বিভাগ সে লক্ষ্যে কাজ করবে। এই বিভাগ থেকে ইন-শা-আল্লাহ সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে সেবামূলক সকল কার্যক্রম পরিচালিত হবে।
০৫. আলেমদের স্বাবলম্বীকরণ প্রকল্প
ইমাম, মুয়াজ্জিন, খতীব ও তরুণ আলেমদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। সম্মানিত আলেমগণ যাতে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ, জাতি ও উম্মাহর নিঃস্বার্থ সেবা করতে পারেন, এজন্য তাঁদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে। যে জাতীয় প্রশিক্ষণ দেয়া হবে: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভলপিং, আউটসোর্সিং, মৎসচাষ, পশুপালন, কৃষি ইত্যাদি।
০৬. এতিম, বিধবা ও স্বামী-পরিত্যাক্তা কেয়ার সেন্টার
এতিমদের দেখভাল, তাদের সুষ্ঠু বিকাশ ও পড়াশোনার দায়িত্ব এই শাখা থেকে পরিচালিত হবে। পাশাপাশি বিধবা ও স্বামী-পরিত্যাক্তা নারীদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবে; এবং তাঁদেরকে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা হবে ইন-শা-আল্লাহ।